দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান। শুক্রবার বিকেলে তুলসীদাস বণিক কনফারেন্স হলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংস্থার শ্রমিক ও কর্মীদের সম্মান জানানো হয়।
অনুষ্ঠানটি আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবাশীষ সোম এবং প্রাক্তন ক্রিকেটার রাজীব দত্ত। অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রমিক-কর্মীর গলায় উত্তরীয় পরিয়ে এবং হাতে উপহার তুলে দিয়ে তাঁদের সম্মানিত করা হয়।
সভা পরিচালনা করেন উৎপল দত্ত। তিনি তাঁর বক্তব্যে শ্রমিক দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, ১৮৮৬ সালের শ্রমিক আন্দোলনের স্মৃতিতে বিশ্বজুড়ে ১ মে ‘মে দিবস’ পালিত হয় এবং ১৮৯০ সালে ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কংগ্রেসে এ দিনটি আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। সভাপতি নির্মল্য নাথ এই উদ্যোগের প্রশংসা করে জানান, সংস্থার ইতিহাসে এই প্রথম শ্রমিক-কর্মীদের এমনভাবে সম্মান জানানো হলো। তিনি বলেন, “সংস্থার মূল ভিত্তি শ্রমিকরা, তাঁদের সম্মান দেওয়া অত্যন্ত জরুরি।” প্রাক্তন ক্রিকেটার রাজীব দত্তও অনুষ্ঠানে উপস্থিত থেকে সন্তোষ প্রকাশ করেন। স্টেডিয়াম সেক্রেটারি নবেন্দু সাহা শ্রমিক-কর্মীদের অবদানকে অনস্বীকার্য উল্লেখ করে সংস্থাকে পরিবারের মতো গড়ে তোলার আহ্বান জানান।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবাশিস সোম বলেন, “দীর্ঘদিন ধরে ডিএসএ-র সঙ্গে যুক্ত থেকে শ্রমিক-কর্মীদের সঙ্গে একটি সুসম্পর্ক তৈরি হয়েছে। তাঁদের কাজের যথাযথ সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। সকলের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে আমরা গর্বিত।”
এছাড়াও অনুষ্ঠানে ফুটবল সম্পাদক বিকাশ দাস ও এজিএস অজয় কুমার রায় বক্তব্য রাখেন। শেষে উপস্থিত সকল শ্রমিক-কর্মীর হাতে উত্তরীয় ও উপহার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



