ধনীপুরে কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের সচেতনতামূলক সভা

Spread the news

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : সোনাই পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ধনীপুরে কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের নিয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অসম সরকারের কৃষি বিভাগের সোনাই কৃষি চক্রের উদ্যোগে শনিবার আয়োজিত এই সভায় কৃষির উন্নয়ন এবং আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়।
সভায় কৃষি বিভাগের কর্মীরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, উন্নতমানের বীজের ব্যবহার, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জন্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থার প্রতি উৎসাহিত করা এবং কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় কৃষি বিভাগের কর্মী আফজল হোসেন লস্কর কৃষির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি কৃষকদের কৃষিকাজে উন্নত প্রযুক্তি ও আধুনিক পদ্ধতি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি সরকারি প্রকল্পগুলির সুযোগ গ্রহণ করে কৃষিকাজকে আরও লাভজনক করে তোলার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।

এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে কৃষকদের মধ্যে কৃষি সংক্রান্ত জ্ঞান বৃদ্ধি পাবে এবং তাঁরা আরও উৎসাহ নিয়ে কৃষিকাজে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করা হয়।
সভায় স্থানীয় ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি আশফাকুল হক লস্কর, সমাজসেবী আলম চৌধুরী, রমজান আলি লস্কর, সাহাজন লস্কর-সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও কৃষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *