বরাক তরঙ্গ, ১ মে : রাজ্যে দিন দিন বেড়েই চলেছে হাতি-মানুষের সংঘাতের ঘটনা। এবার নগাঁও জেলার কলিয়াবর এলাকায় বন্য হাতির আক্রমণে প্রাণ হারালেন এক শ্রমিক। নিহত শ্রমিকের নাম নরেন গোয়ালা, তিনি বুড়াপাহাড় চা বাগানের বাসিন্দা বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, মাছ ধরতে যাওয়ার সময় হঠাৎ করেই বন্য হাতির মুখোমুখি হন তিনি। মুহূর্তের মধ্যেই হাতিটি তাঁকে আক্রমণ করে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে বন দফতর এবং জখলাবন্ধা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বন্যপ্রাণীর উপদ্রব রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।



