
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : “ভারতের লৌহ মানব” সরদার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার হাইলাকান্দিতেও রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়। এই উপলক্ষে ডিসি অফিসের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে দেশ গঠনে লৌহ মানবের অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। জেলা উন্নয়ন কমিশনার নরসিং বে-র নেতৃত্বে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের সূচনা হয়। এরপর, নরসিং বে উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের একতা দিবসের শপথ বাক্য পাঠ করান। সমবেত শপথে দেশের ঐক্য, অখণ্ডতা এবং নিরাপত্তা বজায় রাখার যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করা হয়।

এই অনুষ্ঠানে জেলার প্রশাসনিক শীর্ষ কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এতে অতিরিক্ত জেলা কমিশনার ভানলাল লিমপুইয়া নামপুই এবং পিঙ্কি দত্ত, সহ সহকারী কমিশনারবৃন্দ, নির্বাচন কর্মকর্তা এবং ডি সি অফিসের বিভিন্ন শাখার কর্মচারীবৃন্দ অংশ নেন। এছাড়া জেলার সমস্ত বিভাগ ও কার্যালয়সমূহেও সমবেত শপথ গ্রহণ করা হয় শনিবার।



