স্বর্ণখনিতে ভয়াবহ ধস, প্রাণ হারালেন অন্তত ১৪ জন, জখম একাধিক

Spread the news

২০ অক্টোবর : কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সোনার খনিতে আকস্মিক ভূমিধসের ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ১৪ জনের। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন বলে খবর। ইকুয়েডর সীমান্ত সংলগ্ন নারিনহো প্রদেশটি দীর্ঘদিন ধরেই অবৈধ খনিজ উত্তোলনের বড় কেন্দ্র হিসেবে পরিচিত। ওই অঞ্চলের বেআইনি স্বর্ণ ব্যবসার পাশাপাশি মাদক চোরাচালান এবং চাঁদাবাজির মতো অপরাধমূলক কার্যকলাপে সশস্ত্র গোষ্ঠীগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখে চলেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও (ভিডিও-র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)-তে দেখা গিয়েছে, উদ্ধারকারী দল এবং স্থানীয় বাসিন্দারা আর্থ মুভারের সাহায্যে কাদা-মাটি খুঁড়ে ধ্বংসস্তূপ থেকে একের পর এক দেহ বের করে আনছেন। মৃতদেহগুলো উদ্ধার করে নৌকায় তোলা হচ্ছে। নারিনহোর শান্তি ও নিরাপত্তা বিষয়ক সচিব অ্যালেক্স গঞ্জালেজ কারাকোল নেটওয়ার্ককে মৃতদের এই পরিবর্তিত সংখ্যাটি জানান এবং সেই সঙ্গে নিশ্চিত করেন যে জীবিতদের উদ্ধারের অভিযান ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। দুর্গম ভৌগোলিক অবস্থান এবং ওই এলাকায় সক্রিয় সশস্ত্র অপরাধী চক্রের উপস্থিতির কারণে উদ্ধারকারী দলগুলোর পক্ষে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো অত্যন্ত দুরূহ হয়ে পড়েছিল বলে জানিয়েছে গভর্নরের কার্যালয়।

গভর্নরের কার্যালয় সূত্রে জানানো হয়েছে, এই অঞ্চলের সাধারণ মানুষের কাছে বেঁচে থাকার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই পেশাটি ছাড়া জীবিকা নির্বাহের অন্য কোনো অর্থনৈতিক বিকল্প নেই। এমনকি ঐতিহ্যবাহী ক্ষুদ্র পরিসরের খনি ব্যবসাগুলোও আজ প্রায় বিলুপ্তির পথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *