বরাক তরঙ্গ, ১ মে : লখিমপুরে দুর্নীতির বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে এক বন কর্মকর্তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ধৃত কর্মকর্তা শিবাশিস শাণ্ডিল্য, যিনি আঞ্চলিক বন বিভাগের দায়িত্বে ছিলেন। অভিযোগ অনুযায়ী, তিনি একটি ডাম্পার গাড়ির মালিকের কাছ থেকে ১২ হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন। ঘটনাটি ঘটে তাঁর সরকারি আবাসনে। ঠিক সেই সময়ই দুর্নীতি দমনকারী সংস্থার দল হানা দিয়ে তাঁকে হাতেনাতে আটক করে।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠছিল। অবশেষে পরিকল্পনা অনুযায়ী ফাঁদ পেতে এই অভিযান চালানো হয় এবং প্রমাণসহ তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। একই সঙ্গে, এই ঘটনাকে কেন্দ্র করে বন বিভাগের ভেতরের অনিয়ম নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, ধৃত কর্মকর্তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।



