অতর্কিত হামলা: সন্দেহভাজন কুকি জঙ্গিদের গুলিতে নিহত নাগা ভিলেজ গার্ড সদস্য

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : মণিপুরের উখরুল জেলায় ভোরবেলায় এক অতর্কিত হামলায় নাগা ভিলেজ গার্ডস (এনভিজি)-এর এক সদস্য নিহত হয়েছেন। সন্দেহ করা হচ্ছে, কুকি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে তাংখুল নাগা লং (টিএনএল)। নিহত ব্যক্তি হোরশোকমি জামাং (২৯), কামজং জেলার চাত্রিক খুলেন গ্রামের বাসিন্দা। জানা গেছে, সিনাকেইথেই গ্রামের কাছে টহল দেওয়ার সময় তার ওপর এই হামলা চালানো হয়।

তাংখুল নাগা লং (টিএনএল)-এর ওয়ার্কিং কমিটি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করছে। বিবৃতিতে জানায়, কামজং জেলার চাত্রিক খুলেন গ্রামের লুংশিম জামাং-এর পুত্র হোরশোকমি জামাং (২৯)-এর মৃত্যুর সংবাদে আমরা মর্মাহত। শুক্রবার ভোররাতে উখরুল জেলার সিনাকেইথেই গ্রামের কাছে তার মৃত্যু ঘটে।

সিরারাখং ও সিনাকেইথেই এলাকার আশপাশে SoO-র আওতাধীন সশস্ত্র কুকি ক্যাডার এবং অন্যান্য কুকি জঙ্গি গোষ্ঠীর ক্রমাগত চলাচল ও অস্থিরতার প্রেক্ষিতে, সিরারাখংয়ের নিকটে মোতায়েন নাগা ভিলেজ গার্ডরা সিরারাখং ও সিনাকেইথেইর মাঝামাঝি এলাকায় টহলে বেরিয়েছিলেন। সেই সময় SoO-র অধীন কুকি ক্যাডার এবং অন্যান্য অবৈধ কুকি জঙ্গিরা অতর্কিত হামলা চালায়, এতে ঘটনাস্থলেই হোরশোকমি জামাং নিহত হন। নিজের ন্যায্য ভূমি রক্ষার জন্য হোরশোকমি জামাং জীবন উৎসর্গ করেছেন, তার এই মৃত্যু বৃথা যাবে না। টিএনএল-এর ওয়ার্কিং কমিটি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং হোরশোকমি জামাং-এর সাহস, বীরত্ব ও সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *