২৪ জুন : ডিআর কঙ্গোকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দলটি। বুধবার ‘কে’ গ্রুপের ম্যাচে গুয়াদালাহারায় দর্শকদের প্রবল সমর্থন নিয়ে মাঠে নামে কলম্বিয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ শানালেও বারবার ব্যর্থ হয় গোলের সামনে। চতুর্থ মিনিটেই সুযোগ পেয়েছিলেন মুনিওজ, কিন্তু তার শট সাইড নেটিংয়ে আঘাত হানে। দুই মিনিট পর বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।
প্রথমার্ধের বেশিরভাগ সময় আধিপত্য বিস্তার করলেও কঙ্গোর গোলরক্ষক লিওনেল ম্পাসিকে পরাস্ত করতে পারেনি কলম্বিয়া। বিরতির পরও একই চিত্র দেখা যায়। ৫০তম মিনিটে লুইস দিয়াজ প্রায় ফাঁকা গোল পেয়েও সুযোগ নষ্ট করেন। পরে জহন আরিয়াসও রিবাউন্ড থেকে লক্ষ্যভ্রষ্ট হন। অবশেষে ৭৬ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। হুয়ান ফার্নান্দো কুইন্তেরোর নিখুঁত পাস থেকে বল পেয়ে বাম পায়ের শট নেন মুনিওজ। বলটি এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষক ম্পাসিকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়।
গোল হজমের পর শেষ দিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় ডিআর কঙ্গো। তবে কলম্বিয়ার রক্ষণভাগ দৃঢ়তা দেখিয়ে ব্যবধান অক্ষুণ্ণ রাখে।
টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে কলম্বিয়া এবং নিশ্চিত করেছে শেষ ৩২-এ জায়গা। অন্যদিকে তিন নম্বরে থাকা ডিআর কঙ্গোকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জয় পেতেই হবে।
গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে আগামী শনিবার মায়ামিতে পর্তুগালের মুখোমুখি হবে কলম্বিয়া। একই সময়ে আটলান্টায় উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ডিআর কঙ্গো।



