বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : ত্রিপুরার উদয়পুরের মহারানি এলাকায় চেকিং চালানোর সময় পুলিশের বড়সড় সাফল্য। গাড়ি তল্লাশি করতে গিয়ে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি বুলেট। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উদয়পুর থেকে গণ্ডাছড়া যাওয়ার পথে মহারানি এলাকায় পুলিশের চেকিং চলাকালীন এই বুলেটগুলি উদ্ধার হয়। ঘটনার পরই তদন্তে নামে উদয়পুর মহারানি আউটপোস্ট থানার পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়। সূত্রের খবর, অসম পুলিশ ও ত্রিপুরা পুলিশের যৌথ সহযোগিতায় এই বুলেটগুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বুলেটগুলির উৎস এবং সেগুলি কোথায় পাচার বা পরিবহণের চেষ্টা করা হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়েও অনুসন্ধান চালানো হচ্ছে।

তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘটনার আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।




