বাঁশকান্দিতে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের অভিযান, উদ্ধার মাদকসহ পিস্তল

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : মাদকমুক্ত দেশ গড়তে অসম পুলিশের সঙ্গে সমান ভাবে আসাম রাইফেলস, বিএসএফ ও বিভিন্ন নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এমন লক্ষ্যে অবৈধ চক্রের বিরুদ্ধে এক অভিযান চালিয়ে সাফল্য পেল আসাম রাইফেলস। বৃহস্পতিবার রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ ও ফিল্ড ইন্টেলিজেন্স টিমের সহযোগিতায় শিলচরের বাঁশকান্দি এলাকায় একটি মাদক-অস্ত্র চক্র ভেঙে দেওয়া হয়েছে।

অভিযানে একটি আস্তানা থেকে হাতে তৈরি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি সাবানের কৌটায় লুকিয়ে রাখা প্রায় ৩৭৭.৪ গ্রাম মাদকও বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে ছয়টি কৌটা (১০৮ গ্রাম) পরীক্ষায় পজিটিভ পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৪ লক্ষ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

এই ঘটনায় কাছাড় জেলার বাসিন্দা মফিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী ও অভিযুক্তকে পরবর্তী তদন্তের জন্য কাছাড় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *