বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : কয়েকদিন ধরে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ ও ঘনঘন লোডশেডিংয়ের জেরে দুধপাতিল এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন-রাত বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সাম্প্রতিক কালবৈশাখীর ঝড়ে বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে। এর ফলে বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সমস্যার কথা জানালেও দায়িত্বপ্রাপ্ত লাইনম্যান মেরামতের নামে অর্থ দাবি করছেন, যা নিয়ে এলাকায় ক্ষোভ বাড়ছে। এই প্রেক্ষিতে তন্ময় পুরকায়স্থের নেতৃত্বে এলাকাবাসী উধারবন্দ বিদ্যুৎ উপ-সংমণ্ডল কার্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন। তাঁদের দাবি, দ্রুত ও স্থায়ী সমাধানের মাধ্যমে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। এদিকে, সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা।



