বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : ‘এমএলএ কাপ লক্ষীপুর ২০২৬’ ফুটবল প্রতিযোগিতার খেতাব দখল করল মার্কুলিন জিপি। শনিবার লক্ষীপুরের লাবক চা-বাগান মাঠে অনুষ্ঠিত ফাইনালে লাবক জিপিকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফুলেরতল মার্কুলিন জিপি। ফাইনাল ম্যাচকে ঘিরে লাবক চা-বাগান মাঠে ছিল উৎসবের আবহ। বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা। ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল উপহার দেন। আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা বাড়তে থাকে মাঠে। শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ফুলেরতল মার্কুলিন জিপি। তারা প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠাতে সক্ষম হয়। লাবক জিপিও একটি গোল শোধ করে লড়াইয়ে ফেরার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ফুলেরতল মার্কুলিন জিপি।

ফাইনাল শেষে দু’টি দলের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী কৌশিক রায় সহ অতিথিরা। চ্যাম্পিয়ন ফুলেরতল মার্কুলিন জিপির হাতে তুলে দেওয়া হয় ১ লক্ষ ১ হাজার টাকার চেক ও ট্রফি। অন্যদিকে রানার্স-আপ লাবক জিপি পায় ৫১ হাজার টাকার চেক ও ট্রফি।
উল্লেখ্য, ৩৫৫টি দলের অংশগ্রহণে আয়োজিত এই বৃহৎ ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে গোটা লক্ষীপুরজুড়ে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।




