বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : সোনাই পুরসভার উদ্যোগে শনিবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। দিনটি উপলক্ষে পুরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে পুরসভার কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পুরসভার সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুরসভার চেয়ারপারসন শিলুরানি দাস, ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম এবং এক্সিকিউটিভ অফিসার যুগেন্দ্র চেতিয়া। বক্তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য, দেশের স্বাধীনতা অর্জনের ইতিহাস এবং নাগরিকদের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সোনাই পুরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া কয়েকজন শহরের নাগরিককে সম্মাননা প্রদান করা হয়। তাঁদের সামাজিক দায়িত্ববোধ ও পুরসভার উন্নয়নে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

এদিন অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) প্রকল্পের জন্য জমি দান। ৯ নম্বর ওয়ার্ডের কমিশনারের স্বামী আনসারুল হক লস্কর এবং তাঁর দুই ভাই তাঁদের পারিবারিক সম্পত্তি থেকে এক বিঘা জমি পুরসভা কর্তৃপক্ষকে দান করেন। বৃহত্তর সোনাইবাসীর জনস্বার্থ এবং পরিবেশ সুরক্ষার কথা বিবেচনা করেই তাঁরা এই জমি পুরসভার হাতে তুলে দেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে পুরসভার সদস্য নূর আহমেদ বড়ভূইয়া, এসএম দিলোয়ার জাহান লস্কর, বিবাসিস রায়, নেবুল ইসলাম লস্কর, দিপুকুমার দাস, রামকৃষ্ণ নাথ, আজাদ হোসেন লস্কর, খিজির আহমদ চৌধুরী-সহ পুরসভার কর্মী এবং শহরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।




