কেসি পাল মেমোরিয়াল ফুটবল : গভীর রাতে ডিএসএ মাঠ পরিদর্শন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের, বৈঠক

Spread the news

মোহাম্মদ জনি,শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর: আসন্ন কেসি পাল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টকে ঘিরে শ্রীভূমি জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের নামী ফুটবল দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতাকে স্মরণীয় করে তুলতে কোনও খামতি রাখতে চাইছে না জেলা ক্রীড়া সংস্থা। এরই অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার গভীর রাতে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) খেলার মাঠ পরিদর্শন করেন সংস্থার সভাপতি তথা অসম সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।

উল্লেখ্য, গুয়াহাটিতে সরকারি কর্মসূচি সেরে শ্রীভূমিতে ফিরেই বিশ্রাম না নিয়ে সরাসরি মাঠে পৌঁছান মন্ত্রী। পরিদর্শনকালে মাঠের পরিকাঠামো, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা, দর্শকদের বসার ব্যবস্থা, নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, এপিডিসিএল ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, জেলা ক্রীড়া আধিকারিক, জেলা বিজেপি সভাপতি, পৌরসভা ও জেলা পরিষদের চেয়ারম্যান-সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা।

বৈঠকে প্রতিযোগিতা চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, দর্শকদের প্রবেশ ও প্রস্থানের সুষ্ঠু ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি মাঠের আলোকসজ্জা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসার জন্য স্বাস্থ্য পরিষেবার প্রস্তুতি নিয়েও পর্যালোচনা করা হয়।
প্রয়াত কৃষিপেশ রঞ্জন পালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে জেলার ক্রীড়ামহলে ইতিমধ্যেই উৎসাহ দেখা দিয়েছে। আয়োজকদের আশা, দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য দলের অংশগ্রহণ স্থানীয় ফুটবলারদের উৎসাহিত করার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াবে। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের এই সরেজমিন পরিদর্শনে স্পষ্ট, প্রতিযোগিতাকে সুশৃঙ্খল ও সফল করে তুলতে প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। এখন ফুটবলপ্রেমীদের অপেক্ষা মাঠে বল গড়ানোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *