বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : বিশিষ্ট সমাজসেবী প্রয়াত কল্যাণকুমার চক্রবর্তীর স্মৃতিতে আগামী বছর থেকে বিশেষ সমাজসেবা পুরস্কার চালু করতে চলেছে ‘ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস’ (ইয়াসি)। বরাক উপত্যকার সমাজসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর একজন বিশিষ্ট ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হবে। ইয়াসির কেন্দ্রীয় কমিটির কোর কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটি, শিলচরের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে প্রয়াত কল্যাণ চক্রবর্তী সাধারণ মানুষের কল্যাণে যে আত্মনিবেদন, নিষ্ঠা ও অবদান রেখে গেছেন, তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করেছে ইয়াসি। তাঁর সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং মানবকল্যাণে অবদানকে স্মরণীয় করে রাখার পাশাপাশি আগামী প্রজন্মের কাছে তাঁর আদর্শ পৌঁছে দিতেই এই সম্মাননা প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইয়াসি গত দশ বছর ধরে প্রয়াত ছবী গুপ্তার স্মৃতিতে বরাক উপত্যকার একজন বিশিষ্ট সাহিত্যিক বা কবিকে সম্মাননা প্রদান করে আসছে। পাশাপাশি, গত পাঁচ বছর ধরে প্রয়াত পার্থসারথি চন্দের স্মৃতিতে বরাক উপত্যকার তিন জেলা থেকে একজন করে বিশিষ্ট শিক্ষককে সম্মানিত করা হচ্ছে। এছাড়া, গত তিন বছর ধরে প্রয়াত সুদর্শন গুপ্তের স্মৃতিতে কাছাড় জেলার বিভিন্ন গ্রামীণ ও শহরাঞ্চলের বিদ্যালয়ে একাধিক মেধা অন্বেষণমূলক পরীক্ষার আয়োজন করে আসছে সংগঠনটি।

ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় এক বিবৃতিতে জানান, প্রয়াত কল্যাণ চক্রবর্তীর আকস্মিক প্রয়াণ সমাজজীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তিনি আরও বলেন, কল্যাণ চক্রবর্তীর প্রয়াণে ইয়াসি প্রকৃত অর্থেই একজন অভিভাবককে হারিয়েছে। তাঁর স্মৃতিকে অম্লান রাখতে এবং সমাজসেবার আদর্শকে এগিয়ে নিয়ে যেতেই এই পুরস্কার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।



