বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অসম সচিবালয়ের অবসরপ্রাপ্ত ডেপুটি সেক্রেটারি মানস কুমার দত্ত (শংকর)। বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটে শিলচরের অম্বিকাপট্টিতে নিজ ফ্ল্যাট-বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৯ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, মানস কুমার দত্ত শ্রীভূমি জেলার শ্রীগৌরী গ্রামের প্রয়াত সুবোধ কুমার দত্তের কনিষ্ঠ পুত্র ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠার সঙ্গে অসম সচিবালয়ের ডেপুটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী শুভ্রা দত্ত (স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী), একমাত্র কন্যা, জামাতা, নাতি-নাতনি-সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর এই আকস্মিক প্রয়াণে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিদেহী আত্মার চিরশান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শুভানুধ্যায়ীরা।



