১৫ নভেম্বর থেকে শ্রীভূমিতে শুরু হচ্ছে কেসি পাল ফুটবল

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
কটামণি, ১৩ নভেম্বর: ফুটবলের উত্তেজনায় নতুন করে মাততে চলেছে শ্রীভূমি জেলা। প্রয়াত কেসি পালের স্মৃতিতে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে কেসি পাল ফুটবল টুর্নামেন্ট। প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই জেলার ক্রীড়ামহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী লড়াইয়ে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীভূমি ডিএসএ একাদশ এবং প্রতিবেশী রাষ্ট্র নেপালের Sewazelo FC। আন্তর্জাতিক স্তরের এই ফুটবল লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উন্মাদনা। উদ্বোধনী ম্যাচ থেকেই মাঠে জমজমাট ফুটবল লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রীড়াপ্রেমীরা।

এদিকে, প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং ছাত্রছাত্রীদের মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে আয়োজক সংস্থা। মন্ত্রী তথা শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কৃষ্ণেন্দু পালের বিশেষ আহ্বানে ছাত্রছাত্রীদের জন্য ৫০ শতাংশ ছাড়ের পূর্বঘোষিত সিদ্ধান্ত পরিবর্তন করে সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে ৭৫টি বিনামূল্যের টিকিট। জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত স্কুলগুলির মাধ্যমে এই টিকিট বিতরণ করা হবে। ফলে কোনও প্রবেশমূল্য ছাড়াই মাঠে বসে প্রতিযোগিতার ম্যাচ উপভোগ করার সুযোগ পাবে জেলার স্কুলপড়ুয়ারা।

তবে বিনামূল্যের টিকিটে প্রবেশের ক্ষেত্রে কয়েকটি নিয়মও বেঁধে দিয়েছে আয়োজক সংস্থা। ছাত্রছাত্রীদের জন্য থাকবে পৃথক গ্যালারি। তাঁদের প্রবেশ করতে হবে নির্ধারিত ০২ (A) নম্বর গেট দিয়ে। মাঠে প্রবেশের সময় প্রত্যেক ছাত্রছাত্রীকে নিজের স্কুলের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। পাশাপাশি স্কুলের নির্ধারিত ইউনিফর্ম পরাও বাধ্যতামূলক করা হয়েছে।

এ প্রসঙ্গে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সচিব দীপঙ্কর আদিত্য জানান, সংস্থার সভাপতি তথা রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বিশেষ আহ্বানে ছাত্রছাত্রীদের জন্য ৫০ শতাংশ ছাড়ের পরিবর্তে প্রতিদিন ৭৫টি বিনামূল্যের টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমোদিত স্কুলগুলির মাধ্যমে এই টিকিট বণ্টন করা হবে। তবে নির্দিষ্ট গ্যালারিতে প্রবেশের ক্ষেত্রে স্কুলের পরিচয়পত্র ও ইউনিফর্ম থাকা বাধ্যতামূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *