বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : নিয়মিত যানবাহন তল্লাশি অভিযানে পানিসাগর গেট থেকে বিপুল পরিমাণ ইয়াবা জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে পানিসাগর থানার পুলিশ। ঘটনায় AS01LC3357 নম্বরের একটি লরির চালককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৫০ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পানিসাগর নাকা গেটে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় AS01LC3357 নম্বরের লরিটিকে সন্দেহজনক মনে হওয়ায় সেটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে লরি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়। এরপরই লরির চালককে আটক করে পুলিশ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ডিসিএম মহকুমা পুলিশ আধিকারিকসহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতে উদ্ধার হওয়া মাদকদ্রব্য এবং লরিটি বাজেয়াপ্ত করা হয়।
এত বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে আটক চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চালানো হচ্ছে।
পানিসাগর পুলিশের এই অভিযানকে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। প্রায় ৫০ কেজি ইয়াবা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



