বরাক তরঙ্গ, ২৩ জুলাই : অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বন্যার সামগ্রিক পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন।
সামাজিক মাধ্যম ‘এক্স’-এ মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন যে, রাজ্যে সৃষ্ট অভূতপূর্ব বন্যা পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়ন এবং পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কেন্দ্রীয় সহায়তা পর্যালোচনার উদ্দেশ্যে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল অসম সফরে আসবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, মেঘভাঙা বৃষ্টির ফলে উজান অসমে সৃষ্ট আকস্মিক বন্যায় বহু মানুষের জীবন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কঠিন সময়ে অসমের মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



