জুনিয়র ইনস্ট্রাক্টরদের পদোন্নতি : ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিত

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : জুনিয়র ইনস্ট্রাক্টরদের পদোন্নতি সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস পাওয়ার পর প্রস্তাবিত গণতান্ত্রিক আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সর্ব অসম আইটিআই ইন্সট্রাকশনাল স্টাফ অ্যাসোসিয়েশন (এএআইটিআইআইএসএ)। আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত এই আন্দোলন স্থগিত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত ভার্চুয়াল সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ৮ সেপ্টেম্বর রোজগার ও কারিগরি প্রশিক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংগঠনের মূল কমিটির সদস্যদের সঙ্গে পরিচালকের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জুনিয়র ইনস্ট্রাক্টরদের দীর্ঘদিনের পদোন্নতি সংক্রান্ত সমস্যা দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, অর্থ দপ্তরের উত্থাপিত প্রশ্নের জবাব আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য উপ-পরিচালক আর. বরঠাকুরকে নির্দেশ দিয়েছেন পরিচালক। পাশাপাশি স্কিল, এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ বিভাগের কমিশনার ও সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে উচ্চপর্যায়ের বৈঠকের উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।

সাধারণ সভায় সদস্যরা জানতে চান, দশ বছর চাকরি পূর্ণ করার পর প্রত্যেক জুনিয়র ইনস্ট্রাক্টর পদোন্নতির যোগ্য হবেন কি না এবং যোগ্য হলে কতদিনের মধ্যে পদোন্নতি কার্যকর করা হবে। বিষয়টি স্পষ্ট করতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগকে স্বাগত জানায় সভা।

এদিকে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একটি পর্যালোচনা সভা আহ্বানের সিদ্ধান্ত হয়েছে। ওই সভায় আলোচনার অগ্রগতি, কর্তৃপক্ষের জবাব এবং পদোন্নতি সংক্রান্ত পদক্ষেপ পর্যালোচনা করা হবে। এরপর পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে আন্দোলনের প্রয়োজনীয়তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *