৪ জুলাই : মরক্কো ৩-০ গোলে কানাডাকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। শনিবার অনুষ্ঠিত ম্যাচে মরক্কোর হয়ে আজ্জেদিন উনাহি জোড়া গোল করেন। শেষদিকে তৃতীয় গোলটি করেন সুফিয়ান রহিমি।
ম্যাচে মরক্কোর দুই তারকা আচরাফ হাকিমি ও ব্রাহিম দিয়াজ একটি করে অ্যাসিস্ট করেন। এছাড়া রহিমির গোলেও অ্যাসিস্ট করেন ব্রাহিম দিয়াজ। তবে ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন মরক্কোর স্ট্রাইকার ইসমাইল সাইবিরি। তবুও আক্রমণভাগে দারুণ নৈপুণ্য দেখিয়ে সহজ জয় তুলে নেয় আফ্রিকার দলটি।
এই হারের ফলে ২০২৬ বিশ্বকাপের তিন সহ-আয়োজক দেশের মধ্যে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিল কানাডা। তবে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা এবং রাউন্ড অব ৩২-এ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম নকআউট জয় পাওয়ার সাফল্য নিয়ে মাথা উঁচু করেই বিদায় নিচ্ছে কানাডা।
টানা দ্বিতীয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো। শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে অথবা ফ্রান্স।



