বর্ষার জলজটের স্থায়ী সমাধানে তৎপর রাজ্য সরকার, মালিগাঁও পরিদর্শনে মন্ত্রী কৌশিক

Spread the news

বরাক তরঙ্গ, ৪ জুলাই : বর্ষাকালে গুয়াহাটি মহানগরীতে জলজটের সমস্যা দূর করে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে রাজ্য সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। সেই লক্ষ্যে শনিবার সকালে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী কৌশিক রায় ঝালুকবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মালিগাঁও ও সংলগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্ত্রী এলাকার নিকাশি নালা, জল নিষ্কাশন ব্যবস্থা এবং বিভিন্ন জলজটপ্রবণ এলাকা ঘুরে দেখেন। জল নিষ্কাশন ব্যবস্থাকে আরও কার্যকর ও স্থায়ী করতে তিনি গুয়াহাটি পৌর নিগম (জিএমসি), গুয়াহাটি মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (জিএমডিএ), ভারতীয় রেল, জনপথ নির্মাণ বিভাগ (পিডব্লিউডি) এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মন্ত্রী কৌশিক রায় বলেন, প্রবল বর্ষণের সময় যাতে গুয়াহাটি মহানগরীর বাসিন্দাদের অযথা দুর্ভোগ পোহাতে না হয়, সে জন্য বিভিন্ন সরকারি দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। তিনি জানান, জলজট সমস্যার স্থায়ী সমাধানে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি এই উদ্যোগ সফল করতে সাধারণ মানুষের সহযোগিতা ও সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

এদিনের পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আবাসন ও নগর বিষয়ক বিভাগের আয়ুক্ত ও সচিব কবিতা পদ্মনাভন, জিএমডিএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আম্বাতুন এম.পি., গুয়াহাটি পৌর নিগমের আয়ুক্ত চিন্ময় ফুকন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের অন্যান্য আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *