বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে ত্রিপুরার খোয়াই শহরে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে চারজন বাংলাদেশি নাগরিকের অনুপ্রবেশ নিয়ে স্থানীয় মহলে শুরু হয়েছে নানা জল্পনা। অভিযোগ, চারজনের মধ্যে মাত্র দু’জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। বাকি দুজন অন্য একটি গাড়িতে করে গন্তব্যের উদ্দেশে চলে গিয়েছেন বলে দাবি কয়েকজন প্রত্যক্ষদর্শীর।
স্থানীয়দের দাবি অনুযায়ী, অনুপ্রবেশকারীদের মধ্যে দুজন হিন্দু ও দুজন মুসলিম সম্প্রদায়ের ছিলেন। আটক হওয়া দুই ব্যক্তি ধান কাটার কাজে যোগ দিতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে, বাকি দু’জনকে অপেক্ষাকৃত সচ্ছল পরিবারের সদস্য বলে মনে হয়েছিল এবং তাঁরা অন্য গাড়িতে করে চলে যান বলে দাবি করা হচ্ছে। যদিও এই দাবির সত্যতা এখনও পুলিশের তরফে নিশ্চিত করা হয়নি।



