ইন্দোনেশিয়ায় ভয়াবহ ট্রেন-মিনিবাস সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু চালকের

Spread the news

প্রায় ৫০০ মিটার টেনে নিয়ে গেল মিনিবাসকে সিয়ানতার এক্সপ্রেস, অল্পের জন্য রক্ষা ২৬৪ যাত্রী

২১ নভেম্বর : ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের সিমালুঙ্গুন রিজেন্সিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি নিরাপত্তাহীন রেলক্রসিংয়ে সিয়ানতার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মিনিবাসের চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ট্রেনের দুই চালকসহ তিনজন রেলকর্মী। তবে ট্রেনের ২৬৪ জন যাত্রী অক্ষত রয়েছেন।

জানা গিয়েছে, শুক্রবার সিয়ানতার থেকে মেডানের উদ্দেশে যাচ্ছিল সিয়ানতার এক্সপ্রেস। সিয়ানতার ও ডোলোক মেরাঙ্গির স্টেশনের মধ্যবর্তী লোরং এলাকার একটি রেলক্রসিং পার হওয়ার সময় মিনিবাসটির সঙ্গে ট্রেনের সজোরে ধাক্কা লাগে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই রেলক্রসিংয়ে কোনও নিরাপত্তা গেট ছিল না। সেই সময় রেললাইন পার হওয়ার চেষ্টা করছিল মিনিবাসটি। আচমকাই দ্রুতগতিতে আসা ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটিকে প্রায় ৫০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি।

ধাক্কার পর মুহূর্তের মধ্যেই মিনিবাসে আগুন ধরে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের ইঞ্জিনেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। পেমাতাং সিয়ান্তারের দমকলকর্মীরা দীর্ঘ প্রচেষ্টার পর স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনায় মিনিবাসের চালক ঘটনাস্থলেই প্রাণ হারান বলে জানা গিয়েছে। আহত তিন রেলকর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনার সময় ট্রেনে থাকা ২৬৪ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। আগুন ইঞ্জিনের সামনের অংশে ছড়িয়ে পড়লেও যাত্রীবাহী কামরাগুলিতে পৌঁছয়নি। ঘটনার পর সংশ্লিষ্ট রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন ও রেললাইনের ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়েছে। কীভাবে মিনিবাসটি চলন্ত ট্রেনের সামনে চলে এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই দুর্ঘটনা ফের ইন্দোনেশিয়ার নিরাপত্তাহীন ও গেটবিহীন রেলক্রসিংগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *