শ্রীভূমিতে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের কার্যালয় স্থাপন, সরব স্থানীয় নাগরিক

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : শ্রীভূমি জেলার পাথারকান্দির জুরবাড়িতে বাংলাদেশে নিষিদ্ধ বিতর্কিত সংগঠন হিজবুত তাহরিরের কথিত কার্যালয় স্থাপনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংগঠনটির নামে কার্যালয় খুলে সাংগঠনিক কার্যকলাপ শুরু করার অভিযোগ সামনে আসতেই বরাক উপত্যকাজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। অভিযোগ, এতদিন মোবাইল ফোন ও বিভিন্ন যোগাযোগমাধ্যমের সাহায্যে তৎপরতা চালানোর পর এবার অসমের মাটিতে স্থায়ী কার্যালয় গড়ে সাংগঠনিক বিস্তারের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।

জুরবাড়িতে কথিত কার্যালয় বন্ধ করার পাশাপাশি এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সংগঠনটির পরিচয়, সাংগঠনিক কাঠামো, নেতৃত্ব এবং আর্থিক উৎস সম্পর্কেও বিস্তারিত তদন্তের দাবি জানানো হয়েছে।

এই বিষয়ে শ্রীভূমির সিনিয়র পুলিশ সুপার লীনা দোলে জানান, ঘটনাটি জেলা পুলিশ প্রশাসনের নজরে এসেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সংগঠনটির প্রকৃত পরিচয়, বৈধতা এবং কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

সিনিয়র পুলিশ সুপারের বক্তব্যের পর এখন তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন জেলার বাসিন্দারা। কথিত কার্যালয় স্থাপন, অর্ধশতাধিক ব্যক্তির যোগদানের দাবি এবং এর নেপথ্যে কারা রয়েছেন, তা তদন্তেই স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

সীমান্তবর্তী জেলার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। তবে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার আগে কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে দোষী সাব্যস্ত করা কিংবা সাম্প্রদায়িক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। তাঁদের মতে, গুজব নয়, নিরপেক্ষ তদন্ত এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই এই স্পর্শকাতর ঘটনার প্রকৃত সত্য সামনে আসা জরুরি।

প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, জুরবাড়িতে কথিত কার্যালয় উদ্বোধনের সময় অসমের অর্ধশতাধিক ব্যক্তি সংগঠনটিতে যোগদান করেছেন। এই দাবিকে ঘিরে স্থানীয় মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক সীমান্তবর্তী শ্রীভূমি জেলায় এমন একটি বিতর্কিত সংগঠনের সাংগঠনিক তৎপরতার অভিযোগকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছেন সচেতন নাগরিকরা। কারা এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন, কী উদ্দেশ্যে কার্যালয় স্থাপন করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *