বিশ্ব মৎস্য দিবসে বৈরাগী টিলায় মৎসজীবীদের সংবর্ধনা তফশিলি মোর্চার

Spread the news

বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব মৎস্য দিবস উদযাপন করল কাছাড় জেলা তফশিলি মোর্চা। শনিবার সকাল ১০টায় চাতলা মণ্ডলের অন্তর্গত বৈরাগী টিলায় মোর্চার জেলা সভাপতি স্বপন শুক্লবৈদ্যের নেতৃত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি স্বপন শুক্লবৈদ্য বিশ্ব মৎস্য দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, মৎস্যসম্পদ শুধু মানুষের খাদ্য ও পুষ্টির অন্যতম উৎস নয়, গ্রামীণ অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। মৎস্যচাষের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক স্বনির্ভরতা অর্জনে বিশেষ ভূমিকা পালন করা সম্ভব।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদের টেকসই বিকাশের জন্য প্রাকৃতিক জলাশয় ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ অত্যন্ত জরুরি। নদী, বিল, পুকুর ও হ্রদের পরিবেশ রক্ষা, জলদূষণ প্রতিরোধ, মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ এবং দেশীয় প্রজাতির মাছের অস্তিত্ব বজায় রাখতে সকলকে সচেতন হতে হবে। অপরিকল্পিতভাবে মাছ আহরণ, জলাশয় ভরাট এবং অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

বৈজ্ঞানিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে মৎস্যচাষের প্রসারের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জলাশয়ের যথাযথ রক্ষণাবেক্ষণের ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন। মৎস্যজীবীদের অবদানের কথা উল্লেখ করে স্বপনবাবু বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে মৎস্যজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের আর্থিক স্বনির্ভরতা, সামাজিক মর্যাদা এবং সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত অসম রাজ্য তফশিলি মোর্চার সাধারণ সম্পাদক রাজেশ কুমার দাস তাঁর বক্তব্যে মৎস্যজীবীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। মৎস্যচাষের প্রসার, মৎস্যজীবীদের স্বার্থরক্ষা এবং তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এলাকার কয়েকজন মৎস্যজীবীকে কাছাড় জেলা তফশিলি মোর্চার পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান। তাঁদের শ্রম, নিষ্ঠা ও সমাজের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা জানানো হয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা তফশিলি মোর্চার সহ-সভানেত্রী তথা জেলা পরিষদ সদস্যা সরস্বতী রবিদাস, সাধারণ সম্পাদক সমীরন ফুলমালী, সম্পাদক অষ্টলাল চৌধুরী, কৃপাসিন্ধু দাস ও অরবিন্দ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন কিশান বাছফর, হীরক সূত্রধর, জীবন অধিকারীসহ মোর্চার অন্যান্য কার্যকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *