মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : ফুটবল মাঠে গোলের উত্তেজনাপূর্ণ লড়াইকে ছাপিয়ে শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রে উঠে এল দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা। বিরতির ঠিক আগে একবার এবং ম্যাচের শেষ বাঁশি বাজার পর দ্বিতীয়বার হাতাহাতি, ধাক্কাধাক্কি ও কিল-ঘুষির ঘটনায় শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) স্টেডিয়াম। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হয় পুলিশ ও আধাসামরিক বাহিনীর জওয়ানদের। পাশাপাশি ডিএসএ সভাপতি-সহ কর্মকর্তাদের তৎপরতায় বড়সড় অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই দলের একজন করে মোট দু’জন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন ম্যাচ রেফারি।
এ দিন কে সি পাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে কলকাতার ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ৩-১ গোলে মিজোরামের শক্তিশালী আইজল এফসিকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। তবে লাল-হলুদের এই দাপুটে জয়কে ছাপিয়ে মাঠের দুই দফার সংঘর্ষই হয়ে ওঠে দিনের অন্যতম আলোচিত ঘটনা।

প্রথমার্ধের শেষ মুহূর্তে বল দখলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রথমে বচসার সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। উত্তেজিত খেলোয়াড়দের একে অপরের দিকে তেড়ে যেতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিলে পুলিশ ও আধাসামরিক বাহিনীর জওয়ানরা মাঠে প্রবেশ করেন। একই সঙ্গে ডিএসএ সভাপতি-সহ কর্মকর্তারাও মাঠে নেমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালান।

প্রথম দফার সংঘর্ষের প্রভাব পড়ে ম্যাচের সময়সূচিতে। নির্ধারিত বিরতি পেরিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের খেলা শুরু করা সম্ভব হয়নি। উত্তেজনার কারণে দুই দলের খেলোয়াড়দের মাঠে ফিরতে অনীহা দেখা দেয়। পরে টিম ম্যানেজমেন্ট ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর খেলোয়াড়দের বুঝিয়ে মাঠে ফেরানো হয়। প্রায় ৩০ মিনিট অতিরিক্ত বিরতির পর পুনরায় শুরু হয় খেলা।
এদিকে, প্রথমার্ধের ঘটনায় কড়া অবস্থান নেন ম্যাচ রেফারি। দুই দলের একজন করে খেলোয়াড়কে লাল কার্ড দেখানোয় দ্বিতীয়ার্ধে উভয় দলকেই ১০ জন করে খেলোয়াড় নিয়ে খেলতে হয়।
তবে ম্যাচ শেষ হওয়ার পরও উত্তেজনার অবসান ঘটেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ফের বচসায় জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। মুহূর্তের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি ও হাতাহাতি। একপর্যায়ে কিল-ঘুষির ঘটনাও ঘটে। ফের মাঠে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে সক্রিয় হয়ে ওঠে পুলিশ ও আধাসামরিক বাহিনী। ডিএসএ কর্মকর্তারাও দ্বিতীয়বারের মতো মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দু’দফার সংঘর্ষ সত্ত্বেও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএসএ কর্মকর্তাদের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। পুলিশ ও আধাসামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে তাঁদের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গ্যালারিতে উপস্থিত দর্শকদের একাংশও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
উল্লেখ্য, কে সি পাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ আসরের সেমিফাইনালে এ ধরনের অনভিপ্রেত ঘটনা প্রতিযোগিতার ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ফুটবলে জয়-পরাজয়, প্রতিদ্বন্দ্বিতা ও আবেগ থাকবেই। কিন্তু সেই আবেগ যখন হাতাহাতি ও সংঘর্ষে পরিণত হয়, তখন ম্লান হয়ে যায় খেলার প্রকৃত সৌন্দর্য। শুক্রবারের ঘটনা আরও একবার মনে করিয়ে দিল, ফুটবলের সাফল্যের পাশাপাশি মাঠে শৃঙ্খলা, সংযম ও পারস্পরিক সম্মান বজায় রাখাও সমান জরুরি।



