মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : দীর্ঘদিন ধরে শিলচর-কালাইন সড়কের বিভিন্ন অংশে অসংখ্য বড় বড় গর্ত তৈরি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বড়খলা বিধানসভা এলাকার ভাঙ্গারপার, মোহনপুর, তিনঘরী, জ্বলাগ্রামসহ একাধিক স্থানে সড়কের অবস্থা এতটাই খারাপ যে, গর্তগুলো প্রায় পুকুরের আকার নিয়েছে। বর্ষার শুরুতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ পথচারী ও যানবাহন চালকেরা। প্রতিদিন হাজার হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
বড়খলা যুব কংগ্রেসের কর্মীরা সংবাদমাধ্যমকে জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি বর্তমানে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। কাদা আর জলভর্তি গর্তে ভরে যায় রাস্তার বেশিরভাগ অংশ, ফলে পুরো পথটাই যেন একপ্রকার দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়ায়। এর ফলে শিক্ষার্থীরা সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারছে না, ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা।

এই সড়ক দিয়ে প্রতিদিন অফিসযাত্রী, বাজারগামী মানুষ, এমনকি জরুরি রোগী নিয়ে অ্যাম্বুলেন্স চলাচল করে। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে সময়মতো গন্তব্যে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে জরুরি পরিষেবার ক্ষেত্রে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, যা যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। অভিযোগ উঠেছে, সড়ক সংস্কারের নামে বিপুল অর্থ বরাদ্দ হলেও বাস্তবে তার কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না।
বরাক উপত্যকার দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের উপস্থিতি সত্ত্বেও এই গুরুত্বপূর্ণ সড়কের এমন করুণ দশা নিয়ে প্রশ্ন তুলেছেন বড়খলা যুব কংগ্রেসের কর্মীসহ সাধারণ মানুষ। প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামী একমাসের মধ্যে যদি শিলচর–কালাইন সড়কের সংস্কার কাজ শুরু না হয়, তবে বড়খলা যুব কংগ্রেস শিলচর জেলা কংগ্রেস ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।



