বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ জুলাই : শিলচর শহরের দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যার দ্রুত সমাধানের দাবিতে কাছাড়ের জেলা কমিশনারের কাছে ৮ দফা দাবিসহ একটি স্মারকলিপি জমা দিয়েছে শিলচর জেলা কংগ্রেস কমিটি। বুধবার জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল জেলা কমিশনারের দপ্তরে স্মারকলিপি পেশ করে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিলচর সম্প্রতি পুর কর্পোরেশনে উন্নীত হলেও ২০২০ সালের এপ্রিল মাসে পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচিত জনপ্রতিনিধির অভাবে নাগরিক পরিষেবা, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস।

স্মারকলিপিতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—সামান্য বৃষ্টিতেই বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা, বিশুদ্ধ পানীয় জলের অনিয়মিত সরবরাহ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেহাল রাস্তা ও অচল ড্রেনেজ ব্যবস্থা, নির্বাচিত বোর্ড ছাড়াই পৌরকর বৃদ্ধির অভিযোগ, পুর তহবিলের ব্যয়ে স্বচ্ছতার অভাব, ক্রমবর্ধমান যানজট এবং যুবসমাজের মধ্যে মাদকাসক্তি ও সমাজবিরোধী কার্যকলাপের বিস্তার।
এই সমস্যাগুলির সমাধানে জেলা প্রশাসনের কাছে ৮ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে—ড্রেন পরিষ্কার ও স্থায়ী জলাবদ্ধতা নিরসনের পরিকল্পনা গ্রহণ, সব ওয়ার্ডে নিয়মিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, বাজারদর নিয়ন্ত্রণে কঠোর নজরদারি, ক্ষতিগ্রস্ত রাস্তা ও নাগরিক পরিকাঠামোর দ্রুত সংস্কার, ২০২০ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত পুরসভার ব্যয়ের হিসাব প্রকাশ, যানজট নিরসনে কার্যকর ট্রাফিক পরিকল্পনা ও অতিরিক্ত পুলিশ সুপার নিয়োগ, মাদকবিরোধী অভিযান জোরদার ও জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত শিলচর পুর কর্পোরেশন নির্বাচন করে গণতান্ত্রিক স্থানীয় স্বশাসন পুনঃপ্রতিষ্ঠা।
স্মারকলিপির শেষে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, জেলা কমিশনার রাহুল কুমার গুপ্তা বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
এদিন স্মারকলিপি প্রদানকালে বড়খোলার প্রাক্তন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, শরিফুজ্জামানসহ জেলা কংগ্রেসের বিভিন্ন নেতা-কর্মী এবং যুব কংগ্রেসের সদস্যরা উপস্থিত ছিলেন। স্মারকলিপি জমা দেওয়ার পর প্রতিনিধি দল সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবিগুলির বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।



