বরাক তরঙ্গ, ২ আগস্ট : অসম-মেঘালয় সীমান্তবর্তী উকিয়ামে কুলসি বাঁধ (কুলসি ড্যাম) প্রকল্পের বিরুদ্ধে শনিবার হাজার হাজার খাসি, গারো, রাভা ও বড়ো সম্প্রদায়ের মানুষ বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের অভিযোগ, জলবিদ্যুৎ ও সেচ প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে, বহু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। জানা গিয়েছে, গত ৩০ জুলাই প্রকল্পের বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) জমা দেওয়ার পর অসম-মেঘালয় যৌথ সুরক্ষা কমিটির উদ্যোগে আন্দোলনের সূচনা হয়।
যৌথ সুরক্ষা কমিটির যুব সভাপতি বিশ্বজিৎ রাভা অভিযোগ করেন, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্থানীয় মানুষের সম্মতি ছাড়া কোনও বাঁধ নির্মাণ করা হবে না বলে আশ্বাস দিলেও, জনমতের বিরোধিতা সত্ত্বেও প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি অবিলম্বে প্রকল্পের সমস্ত কাজ বন্ধ করার দাবি জানান।
বিক্ষোভে রাভা ও গারো ছাত্র সংগঠনসহ একাধিক সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। কামরূপ জেলা রাভা স্টুডেন্টস ইউনিয়নের দাবি, প্রস্তাবিত বাঁধের এলাকা ভূমিকম্পপ্রবণ হওয়ায় সেখানে এ ধরনের প্রকল্প অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাশাপাশি, প্রকল্পটির ফলে পরিবেশ ও সমাজে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
আন্দোলনকারী সংগঠনগুলির হুঁশিয়ারি, উপর অসমে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির পরও সরকার যদি কুলসি বাঁধ প্রকল্পের কাজ বন্ধ না করে, তবে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।



