উধারবন্দে গরুসহ যুবক আটক, উত্তেজনা বাজারঘাট এলাকায়

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ মে : আসন্ন ঈদ-উল আজহাকে কেন্দ্র করে উধারবন্দে গরু নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার সকালে উধারবন্দের বাজারঘাট এলাকায় একটি গরুসহ একটি গাড়ি আটক করে স্থানীয় জনতা। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, শনিবার সকালে টালিগ্রামের দিক থেকে একটি গাড়িতে করে গরু নিয়ে উধারবন্দের দিকে আসছিলেন গোসাইপুর প্রথম খণ্ড এলাকার বাসিন্দা ভজনলাল রবিদাস। স্থানীয়দের অভিযোগ, গরুটি বিক্রির উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বাজারঘাট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে গাড়িটি আটক করে এবং যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে উধারবন্দ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গরুসহ যুবককে থানায় নিয়ে যাওয়া হয়।

ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ঈদ-উল আজহা উপলক্ষে উধারবন্দের বিভিন্ন এলাকায় গরু কোরবানি নিয়ে আলোচনা চলমান রয়েছে। ইতিমধ্যে মুসলিম সমাজের একাধিক সংগঠন শান্তি, সম্প্রীতি ও সামাজিক সহাবস্থানের স্বার্থে গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এরই মধ্যে শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে চর্চার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *