শিলচরের ইটখোলায় গোহত্যার অভিযোগ ঘিরে উত্তেজনা, একজন আটক

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২ আগস্ট :
শিলচরের ইটখোলা ঘনিওয়ালা রোড এলাকায় এক ব্যক্তির বাড়িতে কথিত গোহত্যা ও গো-মাংস বিক্রির অভিযোগকে কেন্দ্র করে রবিবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বহু মানুষ ভিড় জমায়। এ সময় বজরং দলের সমর্থকদের ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দেখা যায়, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করতে তদন্ত শুরু হয়েছে।

যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসন গোটা পরিস্থিতির ওপর কড়া নজরদারি চালাচ্ছে এবং সকলকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সম্পূর্ণ হওয়ার পরই ঘটনার প্রকৃত তথ্য স্পষ্ট হবে। তাই গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ওপর ভরসা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *