নৃত্যশিল্পী রক্তিম দাসকে স্মরণে সৃষ্টি পরম সংস্থার জন্মদিনে বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ জুন : প্রয়াত বিশিষ্ট নৃত্যশিল্পী রক্তিম দাসের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং তাঁর প্রতিষ্ঠিত সংগঠন সৃষ্টি পরম সংস্থার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় শিলচর সঙ্গীত বিদ্যালয়ে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রক্তিম দাসের পরিবার ও সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পী, সংস্কৃতিকর্মী এবং গুণমুগ্ধ দর্শকদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত অতিথি ও বিশিষ্টজনেরা প্রয়াত শিল্পীর স্মৃতিচারণ করে তাঁর শিল্পসাধনা, ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার সাংস্কৃতিক আধিকারিক স্নেহাংশু শেখর রায়। তিনি রক্তিম দাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উত্তরীয় ও স্মারক প্রদান করেন। এছাড়া উপস্থিত ছিলেন সায়ন্তনী পাল, অধ্যাপক রুপরাজ ভট্টাচার্য, চন্দন মজুমদার, মধুমিতা ভট্টাচার্য, দীপঙ্কর ঘোষ, সত্যজিৎ বসু, শিল্পী-সংগঠক ভাস্কর দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়দীপ চক্রবর্তী, শতদল আচার্য্য, দোলনচাঁপা পাল দাসসহ বহু বিশিষ্ট ব্যক্তি। তাঁরা রক্তিম দাসের সঙ্গে জড়িয়ে থাকা নানা স্মৃতি ও অভিজ্ঞতা ভাগ করে নেন।

সাংস্কৃতিক পর্বে শিলচর সঙ্গীত বিদ্যালয়ের সমবেত সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে নৃত্যাঞ্জলি একাডেমি, নৃত্যায়ন, গৌড়ীয় নৃত্যকলা ভারতী, দুধ পাতিল নৃত্য একাডেমি এবং শিলচর সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন। পরিবেশনাগুলি দর্শকদের আবেগাপ্লুত করে তোলে। এছাড়া বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য একক সংগীত পরিবেশন করেন। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন বিশ্বজিৎ দেব ও শঙ্কু। অনুষ্ঠানের শেষে নাট্যব্যক্তিত্ব শান্তনু পাল পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী-সংগঠক ভাস্কর দাস। সমাপ্তি পর্বে সৃষ্টি পরম সংস্থার উদ্যোগে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের রক্তিম দাসের স্মৃতিচিহ্ন হিসেবে বিশেষ স্মারক প্রদান করা হয়।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, রক্তিম দাসের সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ এবং নবীন শিল্পীদের অনুপ্রাণিত করাই এই ধরনের স্মরণানুষ্ঠানের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত শিল্পী ও দর্শকরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর শিল্পচর্চা ও মানবিক গুণাবলীর স্মরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *