বরাক তরঙ্গ, ১৭ জুন : ভারতের নবজাগরণ ও স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্রদূত, বিশিষ্ট গণশিল্পী, কবি, সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা রূপকোঁৱৰ জ্যোতিপ্রসাদ আগরওয়ালার ১২৪তম জন্মজয়ন্তী শিলচরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শিলচরের পেনসনার্স ভবনে এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস-এর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইডিওয়াইও-র কাছাড় জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য। সভার সূচনায় জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্মজয়ন্তী পালনের তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপটে তাঁর আদর্শের প্রাসঙ্গিকতা তুলে ধরে বক্তব্য রাখেন এআইএমএসএস-এর আসাম রাজ্য কমিটির সদস্য সম্পা দে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এআইডিএসও-র রাজ্য সভাপতি হিল্লোল ভট্টাচার্য। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার অবদান ও সংগ্রামী ভূমিকার কথা স্মরণ করেন। পাশাপাশি তিনি বর্তমান প্রজন্মের ছাত্র-যুব সমাজের উদ্দেশে বলেন, নৈতিক অবক্ষয় রোধ এবং শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে শক্তিশালী ছাত্র-যুব আন্দোলন গড়ে তুলতে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জীবন ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন।
আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়। রূপকোঁৱৰের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিল্পী কৃষ্ণা দে কালজয়ী ‘জ্যোতি সঙ্গীত’ পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে সমাজসচেতন নাগরিক, ছাত্র-যুবদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও উপস্থিত ছিলেন এআইডিওয়াইও-র প্রাক্তন সভাপতি অঞ্জন কুমার চন্দসহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ।



