বরাক তরঙ্গ, ৫ আগস্ট : উজান অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রেক্ষাপটে বুধবার শিবসাগর ও চরাইদেউ জেলার একাধিক বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ (জেপি) নাড্ডা। সফরকালে তিনি ক্ষতিগ্রস্ত অঞ্চল ঘুরে দেখে বন্যায় হওয়া ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা, চাহিদা ও দুর্ভোগের কথা শোনেন।
চণ্টক থেকে নেপালিখুঁটি পর্যন্ত বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের সময় নাড্ডা বন্যার প্রকৃত চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সরকারি সূত্রের দাবি, কেন্দ্রীয় মন্ত্রীর এই সফর বন্যাদুর্গত মানুষের পাশে কেন্দ্রীয় সরকারের অঙ্গীকারেরই প্রতিফলন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ, ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকার সমন্বিতভাবে কাজ করছে বলেও জানানো হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমের বন্যা পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখছেন এবং প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে দ্রুত বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ অব্যাহত রয়েছে।



