বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : নির্বাচনী সংস্কার ও গণতান্ত্রিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে তরুণ প্রজন্মের মতামত তুলে ধরার লক্ষ্যে শিলচরে অনুষ্ঠিত হলো জেলাস্তরের ‘বিকশিত ভারত যুব সংসদ ২০২৬-২৭’। মঙ্গলবার রামনগরের মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজে আয়োজিত এই কর্মসূচিতে কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১৩৫ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। এবারের আলোচনার মূল বিষয় ছিল ‘এক দেশ, এক নির্বাচন’।
মাই ভারত কাছাড়, অসমের উদ্যোগে এবং মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজের এনএসএস ইউনিটের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনায় অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা প্রস্তাবিত নির্বাচনী সংস্কারের বিভিন্ন দিক, গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন এবং দেশ গঠনে যুবসমাজের ভূমিকা নিয়ে নিজেদের যুক্তি ও মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কাছাড় কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ এবং অসম বিশ্ববিদ্যালয়ের কলেজ ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রাক্তন ডিরেক্টর ড. বিভাস দেব। কলেজের এনএসএস প্রোগ্রাম অফিসার মনোজ ঘোষ অনুষ্ঠানটির আয়োজন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রতিযোগীদের বক্তব্যের বিষয়বস্তু, যুক্তি উপস্থাপনের দক্ষতা, যোগাযোগের ক্ষমতা এবং সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানের ভিত্তিতে পাঁচ সদস্যের বিচারকমণ্ডলী তাঁদের মূল্যায়ন করেন। বিচারকমণ্ডলীতে ছিলেন ড. বিভাস দেব, গ্লুইস্টা আলিজা, অসিত চক্রবর্তী, মিঠুন রায় ও প্রথমা দত্ত রায়। মূল্যায়ন শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী তিন প্রতিযোগীকে আগামী রাজ্যস্তরের যুব সংসদে কাছাড় জেলার প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করা হয়।

এদিন কলেজের ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানও কর্মসূচিতে বিশেষ আকর্ষণ যোগ করে।
উল্লেখ্য, ‘বিকশিত ভারত যুব সংসদ ২০২৬-২৭’-এর মূল লক্ষ্য হলো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তরুণ প্রজন্মকে মতপ্রকাশের সুযোগ করে দেওয়া। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, নেতৃত্বদানের দক্ষতা, যুক্তিনির্ভর আলোচনা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশ গঠনে যুবসমাজকে আরও সক্রিয় করে তোলাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।



