রামথার নর্থ–রামহলুন স্পোর্টস কমপ্লেক্স সড়ক নির্মাণের মান নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের দাবি এমএনএফের

Spread the news

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : আইজল নর্থ–২ ব্লক এমএনএফের নেতারা রামথার নর্থ থেকে রামহলুন স্পোর্টস কমপ্লেক্স পর্যন্ত নির্মীয়মাণ সড়ক পরিদর্শন করে কাজের মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে জানানো হয়, ২০২৪–২৫ অর্থবর্ষের SASCI Part-I তহবিল থেকে ৯৪ লক্ষ ৬ হাজার টাকা ব্যয়ে এই গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণকাজ ১ সেপ্টেম্বর ২০২৫ সালে শুরু হয়। সরকারি নথি অনুযায়ী, কাজটি ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে শেষ হওয়ার কথা ছিল।

এমএনএফের অভিযোগ, আইজলের দিন্থার এলাকার ঠিকাদার ফ্রেডি ভানলালঙ্গিলা-র তত্ত্বাবধানে নির্মিত এই সড়কের কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে। তাদের দাবি, কাজ শেষ হওয়ার এক বছরের মধ্যেও টেকসই থাকার মতো মান বজায় রাখা হয়নি। এলাকার মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের এমন বেহাল অবস্থায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমএনএফ আরও জানিয়েছে, নিম্নমানের এই কাজ অবিলম্বে পুনর্নির্মাণ বা যথাযথভাবে সংস্কার করতে হবে। সরকারি অর্থের অপচয় করে এ ধরনের নিম্নমানের কাজকে তারা তীব্র নিন্দা জানিয়েছে।

দলটি জোর দিয়ে বলেছে, জেডপিএম সরকার যেন দ্রুত ব্যবস্থা নিয়ে সড়কটি মানসম্মতভাবে পুনর্নির্মাণ করে। পাশাপাশি ভবিষ্যতে আইজল নর্থ–২ এলাকায় এ ধরনের নিম্নমানের সরকারি কাজ যাতে আর না হয়, সেদিকেও তারা নজর রাখবে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে প্রয়োজনীয় গণতান্ত্রিক আন্দোলনের পথেও হাঁটার সতর্কবার্তা দিয়েছে আইজল নর্থ–২ ব্লক এমএনএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *