বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : কাছাড় জেলার অতিরিক্ত জেলা কমিশনার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করলেন বরাক উপত্যকার কৃতী সন্তান তথা হাইলাকান্দি জেলার গর্ব মারিয়া তানিম (ACS)। প্রশাসনিক ক্ষেত্রে নিজের যোগ্যতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণে বরাক উপত্যকায় খুশির আবহ সৃষ্টি হয়েছে। আগামী দিনে তাঁর কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন বিভিন্ন মহলের মানুষ।
এদিকে, কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার (শিক্ষা) মারিয়া তানিমের পৌরোহিত্যে জেলার শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড়ের বিদ্যালয় পরিদর্শক মিঠুন জহরি (ACS), শিক্ষা বিভাগের অন্যান্য আধিকারিক, সমস্ত খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক (BEEO), জেলা কর্মসূচি আধিকারিক এবং পিএম পোষণ ও জেলা কর্মসূচির সঙ্গে যুক্ত আধিকারিকরা।
বৈঠকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণের হার বৃদ্ধি, মিশন ৩০-এর অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলির কার্যসম্পাদন এবং সমগ্র শিক্ষা অভিযানের বিভিন্ন উপাদানভিত্তিক কর্মসূচি নিয়ে খণ্ডভিত্তিক বিস্তারিত পর্যালোচনা করা হয়।

এছাড়া শিক্ষকের ঘাটতি ও শিক্ষক যুক্তিসংগতকরণ, শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি পর্যবেক্ষণ, পড়ুয়াদের অনুপস্থিতি, বিশেষ করে শহরাঞ্চলের বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের অনিয়মিত উপস্থিতি, উপচারমূলক শিক্ষার ব্যবস্থা এবং টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি জেনারেটিভ এআই ঐচ্ছিক বিষয়ের সমস্যা, হ্যাকাথন কর্মসূচি, ইউডাইস, শিক্ষা সেতু, অপার আইডি তৈরি, বিদ্যালয় পরিচালন সমিতি (এসএমসি) গঠন এবং বিদ্যালয়ের পরিকাঠামো ও পরিবেশ উন্নয়নের বিষয়গুলিও আলোচনায় স্থান পায়।

বৈঠকে বিভিন্ন বিদ্যালয়ে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তার সমাধানের উপায় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। পরিশেষে অতিরিক্ত জেলা কমিশনার মারিয়া তানিম মাধ্যমিক পরীক্ষার ফলাফলের উন্নতি এবং মিশন ৩০-এর অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলির সামগ্রিক কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিত ও সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।



