বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : গুয়াহাটিতে চলমান বন্যা পরিস্থিতির মধ্যেই আরও দু’টি মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে সাউকুচির পর এবার জ্যোতিকুচির ‘মরা ভরলু’ এলাকায় এক ব্যক্তির মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বন্যার জলে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
অন্যদিকে, সাউকুচির বশিষ্ঠ নদীতেও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, বশিষ্ঠ নদীর সঙ্গে সংযুক্ত একটি নালার সামনে মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের অনুমান, ম্যানহোল দিয়ে ভেসে এসে ব্যক্তি নদীতে পড়ে যেতে পারেন, যার ফলে এই মর্মান্তিক পরিণতি ঘটে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।



