বিজেপিতে যোগ দিলেন রাঘব, স্বাতী, হরভজন সহ ছয় নেতা

Spread the news

২৪ এপ্রিল : যাবতীয় জল্পনার অবসান। শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দিলেন রাঘব চাড্ডা। সূত্রের খবর, আম আদমি পার্টির আরও ছয় নেতা পদ্মশিবিরে যোগ দিয়েছেন। শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন রাঘব-সহ তিন আপ সাংসদ। সেখানেই ঘোষণা করেন, আপ ছেড়ে তাঁরা যোগ দিচ্ছেন বিজেপিতে। একটা সময়ে শোনা যাচ্ছিল, নিজের আলাদা দল গড়তে পারেন রাঘব। কিন্তু শেষ পর্যন্ত নাম লেখালেন নরেন্দ্র মোদিদের দলে। সবমিলিয়ে আপের সাত সাংসদ যোগ দিয়েছেন বিজেপিতে। 

রাঘবের কথায়, “আমরা রাজ্যসভার দুই-তৃতীয়াংশ সদস্য মিলে সিদ্ধান্ত নিয়েছি যে, ভারতের সংবিধান মেনে আমরা বিজেপির সঙ্গে সংযুক্ত হচ্ছি।” এই পদক্ষেপের ফলে দলত্যাগ বিরোধী আইনের ফাঁড়া এড়িয়ে তাঁরা পদ্ম শিবিরে নাম লেখাতে চলেছেন।

সাংবাদিক বৈঠকে তিনজন জানান, আপ ছেড়ে তাঁরা যোগ দিচ্ছেন বিজেপিতে। পরে প্রকাশ্যে আসে দলবদলুদের নাম। আপ থেকে বিজেপিতে যোগ দিয়েছেন, রাঘব চাড্ডা, স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা, বিক্রম সাহানি।

সম্প্রতি রাজ্যসভায় আপ-এর উপনেতা পদ থেকে রাঘবকে সরিয়ে দেওয়া নিয়ে দলের অন্দরে বিবাদ চরমে পৌঁছায়। সেই তিক্ততা যে এত দ্রুত এই পর্যায়ে পৌঁছাবে, তা বোধহয় খোদ কেজরিওয়ালও কল্পনা করেননি। দিল্লির রাজনীতির কারবারিদের মতে, নির্বাচনের পর জাতীয় রাজনীতিতে টিকে থাকার লড়াইয়ে থাকা আপ-এর কাছে এটি এক অপূরণীয় ক্ষতি। রাঘব, সন্দীপ ও অশোকের মতো নেতাদের চলে যাওয়া কেজরিওয়ালের ‘দিল্লি মডেল’-এর ভাবমূর্তিতে এক বড় ধাক্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *