বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর: অসমে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। ওয়েলস্পান গোষ্ঠীর ৩০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। কামরূপ জেলার রঙ্গিয়ায় এই বিনিয়োগে একটি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলবে সংস্থাটি। এর ফলে রাজ্যে প্রায় ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শুক্রবার দিসপুরে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্পের প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ক্ষেত্রে এই বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
মিসিং ও সোনোয়াল কাছারি পরিষদের নির্বাচনী বিধিতে সংশোধন
এদিকে, মিসিং স্বায়ত্তশাসিত পরিষদ (নির্বাচন) বিধি, ২০০৫ এবং সোনোয়াল কাছারি স্বায়ত্তশাসিত পরিষদ (নির্বাচন) বিধি, ২০১০ সংশোধনের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সংশোধিত বিধি অনুযায়ী, এই দুই স্বায়ত্তশাসিত পরিষদের সদস্যরা একই সঙ্গে অসম বিধানসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করতে পারবেন।
মুখ্যমন্ত্রী জানান, আগামী নভেম্বর মাসে মিসিং ও সোনোয়াল কাছারি স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে এই সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বরের মধ্যেই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

অন্যদিকে, খনিজ সংক্রান্ত বিধি আরও সুনির্দিষ্ট করার লক্ষ্যে অসম খনিজ নিয়ন্ত্রণ ও ব্যবসা (সংশোধনী) বিধি, ২০২৬-এর সরকারি গেজেট বিজ্ঞপ্তি জারির প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এই সংশোধনীর মাধ্যমে লৌহ আকরিক ও চুনাপাথরের বিভিন্ন গ্রেডের শ্রেণিবিভাগ বিধির অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে রাজ্যে খনিজ সংক্রান্ত নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক কার্যক্রমের ক্ষেত্রে বিধিবদ্ধ কাঠামো আরও সুস্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।



