অসম বৈভব, অসম সৌরভ ও অসম গৌরব পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা, ডিসেম্বরে প্রদান করা হবে সম্মান

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ অক্টোবর : ২০২৫ সালের অসমের সর্বোচ্চ বেসামরিক সম্মান অসম বৈভব, অসম সৌরভ ও অসম গৌরব পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার দিশপুরে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করেন। চলতি বছরের ডিসেম্বর মাসে তাঁদের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে।

অসম বৈভব পাচ্ছেন ড. হর্ষ ভট্টাচার্য
২০২৫ সালের অসম বৈভব পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ড. হর্ষ ভট্টাচার্য। তিনি গুয়াহাটির বেলতলায় অবস্থিত উত্তর-পূর্ব ভারতের অন্যতম অগ্রণী চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান শ্রীমন্ত শংকরদেব নেত্রালয়ের প্রতিষ্ঠাতা ট্রাস্টি।

এবার অসম সৌরভ পুরস্কারের জন্য চারজন বিশিষ্ট ব্যক্তিকে নির্বাচিত করা হয়েছে। তাঁরা হলেন—
১. পদ্মশ্রী ড. কুশল কোঁওর শর্মা — পশুচিকিৎসক ও হস্তী বিশেষজ্ঞ। ২. পদ্মশ্রী নুরুদ্দিন আহমেদ — চিত্রশিল্পী ও ভাস্কর। ৩. পুলক ব্যানার্জি — সংগীতশিল্পী। ৪. ড. পূর্ণিমা দেবী বর্মণ — জীববিজ্ঞানী ও প্রকৃতিবিদ।

অসম গৌরব পুরস্কারের জন্য ১৩ জন ব্যক্তি ও একটি কৃষক উৎপাদক সংস্থাকে নির্বাচিত করা হয়েছে বলে জানানো হয়েছে। তালিকায় রয়েছেন—
১. দেবী প্রসাদ বাগরদিয়া — বিশিষ্ট সমাজকর্মী। ২. হলিচরণ নার্জারি — ফুটবলার। ৩. সিমু দাস — দৃষ্টিহীন মহিলা ক্রিকেটার। ৪. হরকান্ত বসুমাতারি — পাম অয়েল চাষে অগ্রণী ভূমিকা পালনকারী কৃষক। ৫. ধনজিৎ তালুকদার — সাঁচিপাত সংরক্ষক। ৬. নিবেদিতা য়েন — মহিলা উদ্যোক্তা। ৭. ময়াং চক্রবর্তী — দাবাড়ু। ৮. জিতেন চারাংফাংছা — আদা চাষি। ৯. তনুমায়া সোণার বিশ্বকর্মা — লাখপতি বাইদেউ। ১০. দিকপল লাহন — ভ্রমণ ও পর্যটন ক্ষেত্রের উদ্যোক্তা। ১১. কলং কপিলী — স্বেচ্ছাসেবী সংগঠন। ১২. পদুম পথার অ্যাগ্রো অর্গানিক প্রডিউসার কোম্পানি লিমিটেড, গোলাঘাট — কৃষক উৎপাদক সংস্থা।

মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরের ডিসেম্বর মাসে পুরস্কারগুলি প্রদান করা হবে। পাশাপাশি, ২০২৬ সালের অসম বৈভব, অসম সৌরভ ও অসম গৌরব পুরস্কারপ্রাপকদের নামও চলতি বছরের মধ্যেই ঘোষণা করা হবে বলে তিনি জানান।

সুধাকণ্ঠ ড. ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান উপলক্ষে প্রথমবারের মতো প্রবর্তন করা হচ্ছে ‘ড. ভূপেন হাজারিকা জাতীয় পুরস্কার’। আগামী ২৯ নভেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হতে চলা জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে।

প্রথমবারের জন্য এই সম্মান পাচ্ছেন দেশের বিশিষ্ট সংগীতশিল্পী ঊষা মঙ্গেশকর। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁর হাতে পুরস্কার তুলে দেবেন।

মুখ্যমন্ত্রী জানান, প্রতি তিন বছর অন্তর এই পুরস্কার প্রদান করা হবে। আন্তর্জাতিক স্তরে খ্যাতিসম্পন্ন শিল্পীদের এই সম্মানে ভূষিত করা হবে। পুরস্কারপ্রাপকদের হাতে ১০ লক্ষ টাকা নগদ অর্থের পাশাপাশি একটি প্রশস্তিপত্র তুলে দেওয়া হবে।
শ্রীমন্ত শংকরদেব পুরস্কারের অর্থমূল্য বৃদ্ধি

এদিকে, শ্রীমন্ত শংকরদেব পুরস্কারের অর্থমূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এই পুরস্কারের নগদ অর্থের পরিমাণ ১৫ লক্ষ টাকায় উন্নীত করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে পুরস্কারটির আর্থিক মূল্য ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *