তিনসুকিয়ায় বিপুল অস্ত্রসহ গ্রেফতার আলফা (স্বাধীন)-এর দুই ক্যাডার

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ জুন : তিনসুকিয়া জেলায় সম্ভাব্য বড়সড় নাশকতার ছক ভেস্তে দিয়েছে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে জেলার সীমান্তবর্তী জাগুন এলাকা থেকে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র ও বিস্ফোরকসহ ULFA (স্বাধীন)-এর দুই ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই জঙ্গি মায়ান্মার থেকে অরুণাচল প্রদেশ হয়ে অসমে প্রবেশ করে। তারা AR-20 A-5892 নম্বরের একটি সাদা রঙের সুইফট গাড়িতে জাগুনে পৌঁছালে আগে থেকেই ওৎপেতে থাকা পুলিশ গাড়িটি আটক করে। তল্লাশি চালিয়ে অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয় এবং দু’জনকে গ্রেফতার করা হয়।

ধৃতদের পরিচয় চিঞর অসম ওরফে হোমেনজ্যোতি বরুয়া (২৭) এবং মনোজ অসম ওরফে পাপু মোরান (২৭)। দু’জনেই ULFA (স্বাধীন)-এর সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদার সদস্য। হোমেনজ্যোতির বাড়ি তিনসুকিয়ার পানীতোলা এলাকায় এবং পাপু মোরানের বাড়ি বাঘজান এলাকায়। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে দুটি AK-56 রাইফেল, ১৭২ রাউন্ড তাজা গুলি, দুটি হ্যান্ড গ্রেনেড, জরুরি ওষুধ, সিরিঞ্জ এবং দীর্ঘ সময় জঙ্গলে অবস্থানের উপযোগী খাদ্যসামগ্রীসহ একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে।
ধৃত দুই ক্যাডারকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছে তিনসুকিয়া পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তিনসুকিয়া শহরে নাশকতা চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা ছিল তাদের। তবে এই অভিযোগের তদন্ত এখনও চলছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *