বরাক তরঙ্গ, ২ আগস্ট : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) সেলের উদ্যোগে রবিবার ‘নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত’ অভিযান উপলক্ষে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এনএসএস স্বেচ্ছাসেবকদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন এনএসএস প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. রাজর্ষি কৃষ্ণ নাথ, প্রোগ্রাম অফিসার ড. রিম্পি সোনোয়াল, ড. বিজয়া বর্ধন, ড. চন্দ্রমিতা বড়ো এবং নেশামুক্ত ভারত অভিযানের নোডাল অফিসার ড. প্রসেনজিৎ রায়।
উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় তাঁর বক্তব্যে যুবসমাজকে মাদকমুক্ত সমাজ গঠনের অগ্রণী শক্তি হিসেবে উল্লেখ করে নেশার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এই উপলক্ষে ‘নেশামুক্ত ভারত’ বিষয়কে কেন্দ্র করে রিল নির্মাণ, তাৎক্ষণিক বক্তৃতা (এক্সটেম্পোর) এবং পোস্টার অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কর্মসূচিতে ৫০-এরও বেশি এনএসএস স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। পরে উপস্থিত সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল ভাষণ শোনেন এবং ‘নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত’ অভিযানের শপথ গ্রহণ করেন।
পোস্টার অঙ্কন প্রতিযোগিতায় নিকিতা দাস প্রথম, দীপশিখা দাস দ্বিতীয় এবং মহার্ণব রায় তৃতীয় স্থান অর্জন করেন। অন্যদিকে, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় দেবোপম রায় প্রথম, লুবাব খান দ্বিতীয় এবং রাজশ্রী দাস তৃতীয় স্থান লাভ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. রিম্পি সোনোয়াল। ধন্যবাদজ্ঞাপন করেন ড. বিজয়া বর্ধন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



