বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : বজ্রপাতের জেরে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল গোয়ালপাড়া জেলায়। পৃথক দু’টি ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যক্তি। মৃতদের নাম আতাবুল ইসলাম ও শরিফুদ্দিন শেখ। দুই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার কুমরি এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়েছিলেন আতাবুল ইসলাম। সেই সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, শিমলীতোলার বড়পথার শালবাড়ি এলাকায় জমিতে ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন শরিফুদ্দিন শেখ। আচমকাই বজ্রাঘাতে গুরুতরভাবে আক্রান্ত হয়ে প্রাণ হারান তিনি।

প্রকৃতির এই আকস্মিক দুর্যোগে একই দিনে দুটি প্রাণহানির ঘটনায় এলাকাজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। বিশেষ করে কৃষিকাজ ও নদীতে মাছ ধরার সময় এমন দুর্ঘটনা নতুন করে বজ্রপাতের বিপদ সম্পর্কে উদ্বেগ বাড়িয়েছে।



