বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : মণিপুরে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে প্রায় ১.১৪৭ কেজি সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইম্ফল থেকে যাত্রীবাহী বাসে করে মাও-এর উদ্দেশে মাদক পাচারের গোপন খবর পেয়ে যৌথ অভিযান চালায় কাংপোকপি জেলা পুলিশ, মণিপুর, আসাম রাইফেলস ও সিআরপিএফ। কাংপোকপি জেলার সাপেরমেইনা এলাকায় অভিযান চালিয়ে প্যাকেজিং সামগ্রী-সহ প্রায় ১.১৪৭ কেজি সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় থৌবল জেলার লিলং তুরেল আহানবির বাসিন্দা ২৭ বছর বয়সি মহম্মদ করিম খান ওরফে আচৌবাকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মাদক পাচারকাণ্ডে অসমের এক সম্ভাব্য ক্রেতার জড়িত থাকার তথ্য সামনে আসে। সেই সূত্র ধরে ১১ নভেম্বর মণিপুরের কাংপোকপি জেলা পুলিশ, সিআরপিএফ ও আসাম রাইফেলস অসম পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। অভিযানে দরং জেলার ২ নম্বর ধনসিরির বাসিন্দা ৪০ বছর বয়সি আব্দুল খালেককে গ্রেফতার করা হয়। এই মাদক পাচার চক্রের বিস্তার কতদূর, তার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।



