বঙাইগাঁওয়ের যোগীঘোপায় চলন্ত ট্রেন থেকে কামাখ্যা দর্শনার্থীকে ফেলে দিল দুর্বৃত্তরা

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ জুন : বঙাইগাঁও জেলার যোগীঘোপায় এক চাঞ্চল্যকর ঘটনায় চলন্ত ট্রেন থেকে এক বহিরাজ্যের যাত্রীকে জোর করে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত যাত্রীর নাম বিকি শর্মা। তিনি জম্মু-কাশ্মীরের বাসিন্দা। জানা গেছে, অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা মন্দির দর্শনের জন্য পাঁচ সদস্যের একটি দলের সঙ্গে অসমে এসেছিলেন তিনি। শনিবার তাঁরা গুয়াহাটি থেকে দিল্লিগামী ২২৪৪৯ নম্বর পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে যাত্রা করছিলেন।

অভিযোগ, ট্রেনের মধ্যেই কয়েকজন দুর্বৃত্ত বিকি শর্মার উপর হামলা চালায়। শুধু মারধরই নয়, যোগীঘোপার নরনারায়ণ সেতু পার হওয়ার পর ভাটিপাড়া এলাকায় চলন্ত ট্রেন থেকে তাঁকে জোরপূর্বক ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চলন্তাপাড়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। উদ্ধারকারী এক স্থানীয় ব্যক্তি জানান, “লোকটি আমার দোকানের কাছে এসে সাহায্য চাইছিলেন। তিনি বলছিলেন, ট্রেনে আরও কয়েকজন রয়েছে, তাঁদেরও মারধর করা হচ্ছে। এরপর আমরা তাঁকে হাসপাতালে নিয়ে যাই। তিনি জানান, তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে।”

আরও এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি দেখি একজন রক্তাক্ত অবস্থায় হেঁটে আসছেন। কী হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তাঁকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আরেকজনকে নাকি নদীতে ফেলে দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে আরও ২-৩ জন ছিলেন, তাঁদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।”

ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ট্রেনের ভিতরে ঠিক কী ঘটেছিল, কারা এবং কেন এই হামলা চালিয়েছে, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। একই সঙ্গে রেলযাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

ইতিমধ্যে রেল পুলিশ ও স্থানীয় থানার পুলিশ হাসপাতালে পৌঁছে আহত যাত্রীর সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হলেই ঘটনার প্রকৃত রহস্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *