বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : ডিব্রুগড় জেলার টেঙাখাটে অয়েল ইন্ডিয়া লিমিটেডের (ওআইএল) ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক ফার্মে অগ্নিকাণ্ডে নিহত ছয় শ্রমিকের পরিবারকে প্রদেয় আর্থিক সাহায্যের পরিমাণ বাড়াল সংস্থাটি। বুধবার, ১১ নভেম্বর, প্রত্যেক নিহত শ্রমিকের পরিবারকে ১০ লক্ষ টাকার পরিবর্তে ২৫ লক্ষ টাকা করে এককালীন আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাটি।
গত ১০ নভেম্বর দুর্ঘটনায় আহত ষষ্ঠ শ্রমিকের মৃত্যুর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ছয় হওয়ায় অয়েল ইন্ডিয়ার ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। মৃতের সংখ্যা ২০২০ সালের বাঘজান গ্যাস ও তেল নিঃসরণজনিত দুর্ঘটনার মৃত্যুসংখ্যাকেও ছাড়িয়ে গিয়েছে।

এক বিবৃতিতে অয়েল ইন্ডিয়া জানিয়েছে, আগে ঘোষিত ১০ লক্ষ টাকার অন্তর্বর্তীকালীন আর্থিক সাহায্য বাড়িয়ে প্রত্যেক মৃত শ্রমিকের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।
অন্যদিকে, সংশ্লিষ্ট শ্রমিকদের নিয়োগকারী ঠিকাদারি সংস্থাও নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে।

অয়েল ইন্ডিয়া জানিয়েছে, নিহত চুক্তিভিত্তিক শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘোষিত আর্থিক সাহায্য দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, প্রযোজ্য সমস্ত আইনগত পাওনা ও অন্যান্য সুযোগ-সুবিধাও নিয়ম অনুযায়ী মিটিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর সকাল প্রায় ৯টা ৫ মিনিটে টেঙাখাটের ইন্টারমিডিয়েট ট্যাঙ্ক ফার্মের ইনডাইরেক্ট বাথ হিটার এলাকায় আগুন লাগে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য গত ৪ নভেম্বর থেকেই ওই অংশটি বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই একজন শ্রমিকের মৃত্যু হয়। পরবর্তী কয়েক দিনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়। গত ১০ নভেম্বর ডিব্রুগড়ের একটি বেসরকারি হাসপাতালে ৫৮ বছর বয়সি গোলাপ দত্তের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়। এর কয়েক ঘণ্টা আগে ৩৮ বছর বয়সি কুমুদ গগৈও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অয়েল ইন্ডিয়া জানিয়েছে, আহত শ্রমিকদের সর্বোত্তম চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল। আহতদের শারীরিক অবস্থা মূল্যায়ন এবং চিকিৎসার বিষয়ে পরামর্শ দিতে দিল্লি থেকে একজন চিকিৎসা বিশেষজ্ঞকে ডিব্রুগড়ে নিয়ে আসা হয়।
বিশেষজ্ঞের মূল্যায়নের পর গত ৯ নভেম্বর আহত এক শ্রমিককে বিমানযোগে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সংস্থাটি জানিয়েছে, আহত শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা করা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে অয়েল ইন্ডিয়া বলেছে, এই কঠিন সময়ে সংস্থা তাঁদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সাহায্য ও সহযোগিতা অব্যাহত রাখবে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ওই কেন্দ্রের দায়িত্বে থাকা চার কর্মীকে সাসপেন্ড করেছে অয়েল ইন্ডিয়া। পাশাপাশি, আগুন লাগার তাৎক্ষণিক কারণ এবং এর নেপথ্যে থাকা অন্যান্য কারণ খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। টেঙাখাটের এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ ও দায়িত্ব নির্ধারণে কমিটি তদন্ত চালাবে।



