বরাক তরঙ্গ, ২১ মে : শপথ গ্রহণের মঞ্চেই “মমতা দিদি জিন্দাবাদ” স্লোগান তুলে নতুন বিতর্কের জন্ম দিলেন নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস বিধায়ক শেরমান আলি। বৃহস্পতিবার অসম বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম— সর্বত্রই শুরু হয়েছে ব্যাপক চর্চা।
সাধারণত বিধানসভার শপথ অনুষ্ঠান সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের গাম্ভীর্যের মধ্য দিয়েই সম্পন্ন হয়। তবে এদিন শপথ বাক্য পাঠ শেষ করে নিজের আসনের দিকে যাওয়ার সময় আচমকাই উচ্ছ্বাসভরা কণ্ঠে “মমতা দিদি জিন্দাবাদ” স্লোগান দেন শেরমান আলি। মুহূর্তের মধ্যেই উপস্থিত বিধায়ক, আধিকারিক ও সাংবাদিকদের মধ্যে শুরু হয় জোর আলোচনা।
ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়ে ফেসবুক, এক্স-সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। কেউ একে রাজনৈতিক আবেগের স্বাভাবিক বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন বিধানসভার মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের স্লোগান বিতর্কের জন্ম দিতেই পারে।
ঘটনার পর শেরমান আলি বলেন, “আমি আমার রাজনৈতিক আবেগ থেকেই স্লোগান দিয়েছি। মানুষের জন্য কাজ করাই আমার মূল লক্ষ্য।”



