বরাক তরঙ্গ, ২৭ জুন: শিলচর টাউন ইলেকট্রিক অটো কোঅর্ডিনেশন কমিটি শনিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সম্প্রতি শিলচর ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে ইলেকট্রিক অটো ও অন্যান্য অটোরিকশার কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স যাচাই অভিযানের ভূয়সী প্রশংসা করে।
কমিটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ ইনচার্জ ও সংশ্লিষ্ট পুলিশকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলা হয়, দীর্ঘদিন ধরে বহু অটোচালক বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই যানবাহন চালিয়ে আসছিলেন। ট্রাফিক পুলিশের এই অভিযানের ফলে এমন অনিয়মের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে।
কমিটির সভাপতি বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, শহরের বাইরের বহু অটোরিকশা অবাধে শিলচর শহরে প্রবেশ করে যানজট সৃষ্টি করছে এবং ট্রাফিক আইন লঙ্ঘন করছে। তিনি সরকারের কাছে দ্রুত একটি কার্যকর ও সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান, যাতে লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা যায় এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনও যানবাহন চলাচল করতে না পারে। এর ফলে শহরের সড়ক আরও নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক পিন্টু শীল, সদস্য তাহের আহমদ মজুমদার, গোপাল বনিক, তৈবুর রহমান মজুমদার, কার্যকরী সদস্য চন্দু দাস, কৃষ্ণ দাস, নিয়াম উদ্দিন মজুমদার, হিরণ দাস, ইন্দ্রজিৎ দাসসহ কমিটির অন্যান্য সদস্যরা।



